Members Registration

বাংলাদেশে নবনিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুনের সম্মানে গতকাল সোমবার রাজধানীর হোটেল আমারিতে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেবিসিসিআই)।

অনুষ্ঠানে কেবিসিসিআই’র সভাপতি শাহাব উদ্দিন খান তার বক্তব্যে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদারে কেবিসিসিআই’র অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে তার নেতৃত্বে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নজরুল ইসলাম সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ীরা এবং কূটনৈতিক প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

রাষ্ট্রদূত কিম জি-জুন তার বক্তব্যে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে বলেন, দক্ষিণ কোরিয়া গত ৭০ বছরে যে অর্থনৈতিক উন্নয়ন অর্জন করেছে, বাংলাদেশ তা আরো দ্রুত অর্জন করতে সক্ষম।

তিনি উল্লেখ করেন, দক্ষিণ কোরিয়ার উন্নয়নের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ এবং তাদের ভুলগুলো এড়িয়ে চলার মাধ্যমে বাংলাদেশ উন্নয়নের পথ আরো দ্রুত অতিক্রম করতে পারবে।

এছাড়া, রাষ্ট্রদূত উভয় দেশের পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ এবং যৌথ উদ্যোগের মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়ন অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

ড. নজরুল ইসলাম তার বক্তব্যে বাংলাদেশ ও কোরিয়ার মধ্যকার ক্রমবর্ধমান অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের প্রশংসা করেন। তিনি শিল্পায়ন, প্রযুক্তি স্থানান্তর, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন এবং এ ক্ষেত্রে কেবিসিসিআই’র ভূমিকার প্রশংসা করেন।

অনুষ্ঠানে কেবিসিসিআই’র সভাপতি শাহাব উদ্দিন খানের হাতে দক্ষিণ কোরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্টিফিকেট অব ম্যারিট আনুষ্ঠানিকভাবে তুলে দেন রাষ্ট্রদূত।

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্যিক সম্পর্কের বিকাশ এবং কোরিয়ার কূটনৈতিক কার্যক্রমে দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ আন্তর্জাতিক সম্মাননা প্রদান করা হয়। এছাড়া রাষ্ট্রদূত এবং ড. নজরুল ইসলামের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেয় কেবিসিসিআই। নৈশভোজ ও সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

 

বণিক বার্তা অনলাইন, প্রকাশ: মঙ্গলবার ২১ জুলাই ২০২৬, ১৯:৩৭